ওয়েবডেস্ক, জুলাই ৭,২০২১: ফের দুঃসংবাদ বিনোদন জগতে। প্রয়াত বর্ষীয়ান বলিউড অভিনেতা দিলীপ কুমার । বুধবার সকাল ৭.৩০ নাগাদ খর হিন্দুজা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি।
কিংবদন্তি অভিনেতার চিকিৎসক ডাঃ পার্কার এই খবরটি বুধবার নিশ্চিত করেছেন। গত মাসেও দু’বার হাসপাতালে ভর্তি করতে হয় দিলীপ কুমারকে। গত ৫ জুলাই তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেল থেকে তাঁর স্ত্রী অভিনেত্রী সায়রা বানু জানান, তিনি স্থিতিশীল আছেন। বুধবার তাঁর ট্যুইটার হ্যান্ডেল থেকেও দেওয়া হয় তাঁর মৃত্যু সংবাদ।
বলিউডের ‘ট্রাজেডি কিং’য়ের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শুধু বিনোদন জগৎ না, সমগ্র দেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ট্যুইট বার্তায় শোকজ্ঞাপন করেছেন।
১৯২২ সালের ১১ ডিসেম্বর পেশোয়ার জন্ম মুহাম্মদ ইউসুফ খান ওরফে দিলীপ কুমারের। চলচ্চিত্র জগতে ‘ট্রাজেডি কিং’ নামেই পরিচিত তিনি। ১৯৪৪ সালে ‘বম্বে টকিজ’-এর ব্যানারে ‘জোয়ার ভাটা’ দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন। তারপর দিয়ে গিয়েছেন একের পর এক হিট ছবি।
