পক্ষীনিবাস মাতবে আবার
বৈশাখী বাতাস বইছে ভীষণ
কুলিক নদীর পাশে
নাচের দোলায় জলের ঢেউ
উতলা হয়ে হাসে।
কুলিকবনে পাখিদের সব
হরেক রকম সুর
আসার সময় এখন শুরু
ঘর যে বহুদূর।
বাতাসে এখন রোদের ছটা
সূর্যের প্রখর তাপে
কুলিক রোজই নিজের মনে
স্রোতের গতি মাপে।
বনের ভেতর এঁকেবেকে
আপনমনে বয়
লম্বা সেই খালের ভেতর
পাখির খাবার রয়।
উতল হাসির ভেতর আছে
অজানা এক কান্না
নীরব স্বরে ভাবছে কুলিক
‘এমন কষ্ট আর না।’
সবাই এখন গভীর চিন্তায়
বনের গাছ সব
ভরবে কী-আর পাখির দলে
শুনবে কলরব?
আশায় তবু আমরা সবাই
কুলিকবন যে গর্ব
পক্ষীনিবাস মাতবে আবার
আসন্ন সেই পর্ব।