লক ডাউনে আমি ও আমার ভাবনারাএপ্রিল, ১৪, ২০২০ :দেখতে দেখতে পেরিয়ে গেল লক ডাউনের কুড়িটি দিন। ভুল বললাম। দেখতে দেখতে নয় গুনতে গুনতে। কবে কজন আক্রান্ত হল। কজন কবে মরলো। সুস্থই বা হল কজন।একসময় ক্লান্ত হয়ে গোনা ছেড়ে দিলাম। যখন দেখলাম হাজার ছাড়াল আক্রান্তের সংখ্যা। হঠাৎই লাফিয়ে বাড়তে লাগল সংখ্যাটা। আর তখনও উদাসীন দেশের একটা বড় অংশের মানুষ। নানা অজুহাতে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বাজার ও রাস্তা ঘাটে। খবরের চ্যানেলে চোখ রাখছি বারবার। দেখছি ভারতের বর্বর নানা রূপ। কেউ এই দুর্দিনকেও সামান্য মুনাফার জন্য কালোবাজারি করার চেষ্টা করছে, দরিদ্র মানুষের খাবার লুট করা থেকে শুরু করে একাধিক নগ্ন চিত্র চোখে পরছে । তবে সবচেয়ে বেশি যে বিষয় গুলো মনের গহন কোনে ধাক্কা দিয়ে যাচ্ছে তা হল সাম্প্রদায়িক উস্কানি ও এই দুর্যোগের দিনেও নোংরা রাজনীতি। যা দেখে নিজেকে কেমন যেন বর্বর লাগছে প্রতিনিয়ত।তবে এই সবের মাঝেও আশার কথা এই যে এক দল সুহৃদয় মানুষ তাদের সর্বস্ব পণ করে ঝাঁপিয়ে পরেছে এই দুর্যোগে। পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে লক্ষ লক্ষ অসহায় মানুষের দিকে। যা সহস্র নিরাশার মধ্যেও এক টুকরো আলোর রোশনাই। এই আলোর রোশনাই এই করোনা অন্ধকারে কতটা আলো বয়ে আনবে প্রতি মুহূর্তে করছি তার হিসেব।চারিদিকে করোনার ভয়। চলছে লক ডাউন। ইতিহাসের নিরিখে বলা যায় একদিন থেমে যাবে করোনার ঝড়। আবার আসবে করোনা মুক্ত সকাল। কিন্তু এই আশার মাঝেও মনের কোণে মেঘ করে আশে। প্রতিনিয়ত ভাবি করোনা যুদ্ধ তো একদিন থেমে যাবে। কিন্তু সাম্প্রদায়িক বিভেদ, দুর্বলের উপর সবলের অত্যাচার, অনাহারী মানুষের সংগ্রাম এর অবসান কোথায়।যুগের পর যুগ যে ভাইরাস মানুষকে কুরে কুরে খেয়ে এসেছে।নিবারণ দাস

19